বিসিবির এজিএম সম্পন্ন

নির্বাচন নিয়ে পাপনের ভিন্ন সুর

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:৫৯

দেশের বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০১২ সালে আইসিসির সভাপতি হওয়ার পরই সরকারের মনোনয়নে বিসিবির সভাপতি হন নাজমুল হাসান পাপন। পরের বছরই নির্বাচন করে সভাপতি হন তিনি। ২০১৭ সালে আবারও নির্বাচনে জয়ী হন তিনি। টানা ৯ বছর বিসিবির মসনদে আসীন পাপন। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনও আসন্ন। আগামী মাসেই হতে পারে নির্বাচন।

গতকাল বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সংবাদ সম্মেলনে এমন তথ্যই দিয়েছেন বিসিবির সভাপতি। কিন্তু এদিন তাঁর কণ্ঠে ছিল ভিন্ন সুর। সভাপতি পদে আরেকবার থাকবেন কি না, জানতে চাইলে পাপন বলেছেন, চিকিত্সকের পরামর্শ হলো ক্রিকেট থেকে দূরে থাকার।

গতকাল সভাপতি পদে থাকা প্রসঙ্গে পাপন বলেছেন, ‘ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে, ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি। মাঝখানে এক বছর আমি এটার সঙ্গে ছিলাম না, ভালোই ছিলাম। কিন্তু এখন আবার টের পাচ্ছি, অনেক সময় নিয়ে নিচ্ছে ক্রিকেট।’ তবে পাশে বসা বিসিবির পরিচালক আজম নাসির বারবারই বলছিলেন, পাপন ভাই সভাপতি থাকবেন।

সেপ্টেম্বরের শুরুতে বোর্ড সভায় চূড়ান্ত হবে নির্বাচনের দিনক্ষণ। নির্বাচনে ভিন্নতা আসবে উল্লেখ করে পাপন বলেন, ‘১ তারিখের বোর্ড সভার পর একটু ভিন্নতা পাবেন আপনারা, নির্বাচন নিয়ে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবারের নির্বাচন একটু আলাদা হবে। অন্যান্যবারের মতো নাও হতে পারে। অন্তত আমি সেটাই প্রস্তাব করব, গ্রহণ করা হবে কি না, পরের ব্যাপার।’

আগামী মেয়াদে আইসিসির র্যাংকিংয়ে বাংলাদেশ দলকে পাঁচে তোলার টার্গেট ঠিক করেছে বিসিবি। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো কাঠামো গড়তে না পারলেও দলের উন্নতি চান বোর্ড সভাপতি। পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজকে নিয়মিত হারানোর মধ্য দিয়ে এমন অর্জন সম্ভব বলে মনে করেন পাপন।

উল্লেখ্য, আসন্ন পাঁচ টি-২০ সিরিজের সব কটিতে নিউজিল্যান্ডকে হারালেই টি-২০ র্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠে আসবে বাংলাদেশ দল।