ফিফথ ডিভিশনের ক্লাবকে ১২ গোল দিল বায়ার্ন

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২২:০১

প্রতিপক্ষ ফিফথ ডিভিশনের ক্লাব ব্রেমের এসভি। তাই জার্মান কাপের প্রথম রাউন্ডে রবার্ট লেভানডস্কি, লিও গোরেত্স্কা ও ম্যানুয়েল নয়্যারকে বিশ্রামে রাখেন বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসম্যান। একাদশে রাখেননি আলফোনসো ডেভিস, সার্জ গ্যানাব্রিকেও। দ্বিতীয় সারির এই দল নিয়েই ব্রেমেরকে নিয়ে ছেলেখেলা করে বাভারিয়ানরা। এক ডজন গোল দিয়ে ১২-০ ব্যবধানের জয় পায় নাগেলসম্যানের দল। ওয়েসের-স্টাডিওনে বায়ার্নের হয়ে একাই ৪ গোল করে এরিক ম্যাক্সিম চুপোমতিং। এর বাইরে তিনটি অ্যাসিস্টও করেন এই ক্যামেরুন ফরোয়ার্ড। তাছাড়া জোড়া গোল করেন জামাল মুসিয়ালা। একটি করে গোল মালিক তিলমান, লেরয় সানে, মাইকেল কুইসাঙ্ক, বোনা সার, করেন্তিন তোলিসোর পা থেকে। ১২ গোলের মধ্যে বায়ার্নকে একটি আত্মঘাতী গোল উপহার দেয় ব্রেমের।