মৌসুমীর ‘কালো হরিণ চোখ’

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২২:০৪

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়মিত কাজের পাশাপাশি বিশেষ দিবসগুলোর নাটকেও দেখা মেলে। সেই ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। ‘কালো হরিণ চোখ’ শিরোনামের এই নাটকটিতে মৌসুমী ছাড়া আরো অভিনয় করেছেন রওনক, জয়রাজসহ অনেকে। নাটকটি আজ রাত ১০টা মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। বিশেষ দিবসের নাটকে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘আমি বরাবরই বিশেষ দিবসের কাজগুলো করে থাকি। এই নাটকটিতে অভিনয় তার ধারাবাহিকতা বলতে পারেন। এ ধরনের নাটকে অভিনয় করতে অন্যরকম অনুভূতি কাজ করে।’ নাটকটির গল্পে দেখা যাবে, দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন জমিদার বাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটি ঘুরে দেখতে গিয়ে দৃষ্টি পড়ে কাজরীর দিকে। কৃষ্ণসুন্দরী কাজরীর কালো হরিণ চোখ তাকে আকৃষ্ট করে। অদ্ভুত এক মায়াজালে জড়িয়ে পড়েন তিনি। কাজরীও তার প্রতি দুর্বলতা এড়াতে পারে না।