বরিশাল অফিস
‘ড্রেন, খাল, রাস্তা সংস্কার কর, জীবন রক্ষা করো’ এই স্লোগানে ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর জিয়া সড়ক সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, রিকশা-ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন ও ২২ নম্বর ওয়ার্ড ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
বাসদ-এর বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদারের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ২২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ফিরোজ মোল্লা। এ সময় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, ২২ নম্বর ওয়ার্ড ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, রিকশা-ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মোকছেদুল ইসলাম। এ সময় বক্তারা নগরের জিয়া সড়ক পোল থেকে লোহার পোল, জিয়া সড়ক প্রথম গলি থেকে মদিনা মসজিদ, কাজীপাড়া তেমাথা থেকে দরগাবাড়ী, তালুকদার সড়কসহ সব ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবি জানান। সেই সঙ্গে জিয়া সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটিকে দখলমুক্ত করে পরিষ্কার ও পুনঃখননের মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানায়। সমাবেশ শেষে একটি মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি সিঅ্যান্ডবি রোড হয়ে নগরীর চৌমাথায় অবস্থিত ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
