রাজনীতিবিদদের দুর্নীতি শিখিয়েছে দুর্নীতিবাজ আমলারা ------------ কাদের মির্জা

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২২:৩৯

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, রাজনীতিবিদদের দুর্নীতি শিখিয়েছে দুর্নীতিবাজ আমলারা। তারা অবসরে যাওয়ার পর স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে দলে বিভাজন সৃষ্টি করেন। দলীয় সংসদ সদস্য মনোনয়ন লাভের জন্য দুর্নীতিবাজ আমলারা এসব করেন।

গত বুধবার রাতে ফেসবুক লাইভে এসে বাংলাদেশের রাজনীতিতে আমলাতন্ত্রের প্রভাব ও দুর্নীতি নিয়ে এসব কথা বলেন তিনি।

কাদের মির্জা আরো বলেন, রাষ্ট্র পরিচালিত হয় নির্বাচিত জনপ্রতিনিধি      দ্বারা। নির্বাচিত জনপ্রতিনিধিদের সহায়তায় প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দুর্বল রাজনৈতিক নেতৃত্বের কারণে আমলারা মাথাচাড়া দিয়ে ওঠে। ’৯৬ সালে অতিউত্সাহী আমলারা জনতার মঞ্চ করে। আবার ২০০৬ সালে চার দলীয় জোটকে পুনরায় ক্ষমতায় আনতে আমলারা উত্তরা ষড়যন্ত্র করে। এতে তারা চাকরি বিধিলঙ্খন ও শপথ ভঙ্গ করেছেন। যা রাষ্ট্রদ্রোহী অপরাধ। কিন্তু এদের কোনো বিচার হয়নি। আমলারা জনগণের সেবক হয়ে এ ধরনের কাজ যেন না করতে পারে, সেজন্য রাজনৈতিক নেতৃত্বকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলাদের দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছেন। সত্ কর্মকর্তাদের কারণে এখনো দেশ টিকে আছে। এসব সত্ সরকারি কর্মকর্তার সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হচ্ছেন। যেসব কর্মকর্তার কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস হয় তাদের কড়া নজরে রাখা উচিত। 

কাদের মির্জা বলেন, অরাজনৈতিক ও কালো টাকার মালিক ব্যবসায়ীরা রাজনীতি নিয়ন্ত্রণ করছে। টাকার জোরে এমপি-মন্ত্রী হয়ে এরা সচিবদের স্যার বলে। উপজেলা চেয়ারম্যানরাও ইউএনওকে স্যার বলে। নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীরও রাজনীতিতে উত্থান ঘটেছে কালো টাকার জোরে। সে নানা ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে দলীয় নেতাকর্মীদের মধ্যে। গত ৫ আগস্ট নোয়াখালীতে দলীয় একটা সভায় রাখা কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এমপি একরাম চৌধুরীকে উন্মাদ ও মাতাল বলে আখ্যায়িত করে বলেন, এদের মতো লোকদের কারণে আওয়ামী লীগ এখন ভাবমূর্তি সংকটে আছে।

কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, উপজেলা পরিষদকে তোয়াক্কা না করে এককভাবে স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে এখানে কাজ করে যাচ্ছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। এজন্য জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।

এদিকে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘বসুরহাট পাঠাগার’ নামে একটি সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন করেছেন আবদুল কাদের মির্জা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বসুরহাট প্রধান সড়কে মামুন টাওয়ারের তৃতীয় তলায় এ পাঠাগারের উদ্বোধন করা হয়।