দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে ১০২ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পরিসংখ্যান অনুযায়ী এটি গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ গত ২৬ জুন এর চেয়ে কম মৃত্যু হয়েছিল। সেদিন মোট ৭৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যার পাশাপাশি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও গত এক দিনে কিছুটা কমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করে দেশে ৪ হাজার ৬৯৮ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
গত এক দিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ১৪ দশমিক ৭৬ শতাংশ ছিল। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন কোভিড রোগী শনাক্ত হলো; তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৫ হাজার ৭২৯ জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় দেশে ৪ হাজার ৯৬৬ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল। আর মৃত্যু হয়েছিল ১১৪ জনের। সেই হিসেবে এক দিনে শনাক্ত রোগী আর মৃত্যুর সংখ্যা দুটোই কমেছে। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ২ হাজার ৬০১ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি। আগের দিন এ বিভাগে ২ হাজার ৭২৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৫৯ হাজার ১৪ জন, যা আগের দিন ৬৩ হাজার ৭৩২ জন ছিল। জুলাইয়ে সক্রিয় রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছিল।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০২ জনের মধ্যে পুরুষ ৫২ জন আর নারী ৫০ জন।
