কুমিল্লার দেবীদ্বারে ধর্ষণচেষ্টার মামলা তুলে না নেওয়ায় এক কিশোরী ও তার মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপিটা করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার নির্যাতনের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলার আসামিরা হলেন—কুরছাপ গ্রামের মো. নুরুল ইসলাম, তার দুই ছেলে মো. কাউছার আহম্মেদ ও মো. হাসান এবং দুই পুত্রবধূ আনিকা ও নারগিছ আক্তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঐ ভিডিওতে দেখা যায়, ধর্ষণচেষ্টার আসামি মো. হাসানের বড় ভাই কাউছার আহম্মেদ ভুক্তভোগী ঐ কিশোরীর মাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে লাঠিপেটা করছেন। এ সময় তাকে স্থানীয় কয়েকজন থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। নির্যাতনের শিকার ঐ কিশারীর মাকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এর আগে ঐ কিশোরী ও তার বাবাকে প্রকোশ্যে মারধর করেন কাউছার ও তার পরিবার।
