তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০০:৪২

তুরস্কে সরকারি সফর শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গত ১৮ আগস্ট দুপুরে ঢাকা থেকে ইস্তাম্বুলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান। ইস্তাম্বুলে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে এবং তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইসমাইল দেমির সঙ্গে সাক্ষাত্ করেন সেনাবাহিনী প্রধান। সাক্ষাতে উভয়েই তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে সামরিক সরঞ্জামাদিসহ সকল প্রকার সহযোগিতা এবং সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরবর্তী সময়ে সেনাবাহিনী প্রধান আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা ২০২১-এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত নানাবিধ সামরিক সরঞ্জামাদির ব্যাপারে অবহিত হন।

ইস্তাম্বুল থেকে আঙ্কারা পৌঁছালে সেনাবাহিনী প্রধান সেখানে অবস্থিত মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিস্থল এবং জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আঙ্কারায় অবস্থান কালে সেনাবাহিনী প্রধান তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস জেনারেল মুসা আভ সেভের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ইয়াসের গুলের সঙ্গে সাক্ষাত্ করেন। সফরের শেষ দিনে সেনাবাহিনী প্রধান তুরস্কের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ) পরিদর্শন করেন এবং এনডিইউর কার্যক্রম ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে তাকে সেখানে অবহিত করা হয়। এনডিইউর রেক্টর ইরহান আফইয়োনজু সেখানে তাকে সংবর্ধনা প্রদান করেন। ঢাকায় প্রত্যাবর্তনের পূর্বে তুরস্কের প্রথম আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কেমাল ইয়েনিও বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাত্ করেন। —আইএসপিআর