অ্যামটবের নতুন সভাপতি এরিক অস

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০০:৪৩

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটব-এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস। বিদায়ি সভাপতি মাহতাব উদ্দিন আহমেদের স্থলে চলতি মেয়াদে ২০২২ সালের মার্চ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন এরিক অস।

বুধবার ভার্চুয়ালমাধ্যমে আয়োজিত সভায় অ্যামটব বোর্ড সদস্যরা রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এম রিয়াজ রাশিদকে বোর্ডের পরিচালক হিসেবে স্বাগত জানানোর পাশাপাশি মাহতাব উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানান।

অ্যামটবের নবনির্বাচিত সভাপতি এরিক অস সাংবাদিকদের বলেন, ‘টেলিকম খাত দেশের সার্বিক অবকাঠামোর ডিজিটালাইজেশন ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। অ্যামটবের পক্ষ থেকে আমরা টেলিকম খাত ও সামগ্রিকভাবে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার, নিয়ন্ত্রণকারী সংস্থা, নীতি নির্ধারক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে যাব।’

অ্যামটবের সহসভাপতি ও গ্রামীণফানের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘টেলিকমিউনিকেশন খাতের একটি সম্মিলিত কণ্ঠ হচ্ছে অ্যামটব, যা এই খাতের বৃহত্তর স্বার্থ ও দেশের মানুষের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’