সাড়ে চার মাস পর আজ খুলছে চিড়িয়াখানা

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০০:৪৩

টানা সাড়ে চার মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার খুলছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন করতে মানতে হবে স্বাস্থ্যবিধি।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ গতকাল বলেন, জাতীয় চিড়িয়াখানা অন্যান্য বিনোদনকেন্দ্রের চেয়ে আলাদা হওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। রবিবার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। তবে মুজিবশতবর্ষ উপলক্ষ্যে প্রতি মাসের প্রথম রবিবারও চিড়িয়াখানা খোলা থাকবে। পরিচালক বলেন, প্রাণীদের ঝুঁকি এড়াতে জাতীয় চিড়িয়াখানায় বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। ভেতরে দর্শনার্থীদের জন্য একমুখী রাস্তা তৈরি করা হবে। বিধিনিষেধ মানতে সার্বক্ষণিক মাইকিং করে সর্তক করা হবে।

চলতি বছর করোনা ভাইরাসের প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা। এর মধ্যে গত ১৯ আগস্ট থেকে চিড়িয়াখানা খোলার ঘোষণা দিয়েও দর্শনার্থী ও প্রাণীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে তা খোলা হয়নি।