‘আইন লঙ্ঘন করে সনদ দিচ্ছেন সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলররা’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সরেজমিনে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব (সিটি করপোরেশন-১) নুমেরী জামান জানান, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমাদের নজরে আসায় আমরা সংরক্ষিত আসনের কাউন্সিলররা সনদ প্রদান করছেন কি না, তা সিটি করপোরেশনকে তদন্ত করতে বলেছি। তদন্ত প্রতিবেদনে এ বিষয়ে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, আমরা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী, সিটি করপোরেশনের একজন সাধারণ কাউন্সিলর মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র দিতে পারেন; কিন্তু সংরক্ষিত কাউন্সিলরের কার্যাবলিতে এমন কোনো কিছু উল্লেখ নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, আইন অনুযায়ী সংরক্ষিত আসনের কাউন্সিলরা এটি দিতে পারেন না। বেআইনিভাবে কেউ দিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরও দুই সিটির কয়েক জন সংরক্ষিত কাউন্সিলরের বিরুদ্ধে সনদপত্র দেওয়ার অভিযোগ উঠেছে।
