আজ ২৭ আগস্ট প্রবীণ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ মরহুমের জন্মস্থান কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজীবাড়িতে দিনব্যাপী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে রাজনৈতিক সহকর্মী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আসহান হাবীব লিংকন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
কাজী জাফরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে তার রেখে যাওয়া দলের উদ্যোগে স্মরণসভা হবে। পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠেয় স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাজী জাফর ১৯৩৯ সালের ১ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের প্রখ্যাত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন।
