রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও কমেছে মৃত্যুর সংখ্যা। তবে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। ফলে কমানো হয়েছে করোনা ইউনিটের ওয়ার্ড এবং শয্যার সংখ্যাও। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ প্রায় তিন মাস পর এটাই একদিনে করোনা ও উপসর্গে সর্বনিম্ন মৃত্যু বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের ২ জন করোনা পজিটিভ এবং ২ জনের করোনার উপসর্গ ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন ও কুষ্টিয়ার ১ জন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯২ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৭ জন।
শামীম ইয়াজদানী জানান, শুক্রবার সকালে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ১৯২ রোগীর মধ্যে ৮৪ জনের করোনা পজিটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৫ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৩ জন।
শামীম ইয়াজদানী জানান, বৃহস্পতিবার রাজশাহীর দুইটি ল্যাবে রাজশাহী, নাটোর, পাবনা, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ এই পাঁচ জেলার ৪২৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার রাজশাহীতে ১৯ দশমিক ০২ শতাংশ, নাটোরে ১৭ দশমিক ৩৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২০ দশমিক ৫৮ শতাংশ। এতে দেখা যায় রাজশাহীতে আগের দিনের চেয়ে সংক্রমণের হার ২ দশমিক ২১ শতাংশ বেড়েছে হয়েছে ১৯ দশমিক ০২ শতাংশ। আগের দিন বুধবার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৮১ শতাংশ।
ইত্তেফাক/এমআর
