মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে যুবকের লাশ, হত্যার অভিযোগ স্বজনদের

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৭:০৩

বরিশালে হলিকেয়ার নামক মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র থেকে চন্দন সরকার নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কেন্দ্রের টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চন্দন সরকার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড়পাইকা এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে। চন্দনকে হত্যা করে ভিন্ন গল্প সাজানো হচ্ছে বলে অভিযোগ করেছে স্বজনরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী ইত্তেফাককে জানান, খবর পেয়ে শুক্রবার সকালে হলিকেয়ার কেন্দ্র থেকে চন্দন সরকারের লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। 

চন্দন সরকারের মামা নিবাস মহুরী বলেন, ভোরে হলিকেয়ার থেকে মোবাইলে আমাকে জানানো হয় চন্দন আত্মহত্যা করেছে। কিন্তু আমি তা বিশ্বাস করি না। আত্মহত্যা করলে পুলিশ এসে লাশ উদ্ধার করবে। কিন্তু এখানে লাশ পুলিশ উদ্ধার করেনি, হলি কেয়ারের লোকজনই বাথরুম থেকে লাশ ফ্লোরে এনে রেখেছে। এটি হত্যাকাণ্ড। ভ্যান্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা অসম্ভব। চন্দন অনেক লম্বা ছিল। তাকে মেরে ভিন্ন গল্প সাজানো হচ্ছে। 

হলিকেয়ারের ব্যবস্থাপক মাইনুল হক তমাল বলেন, হলিকেয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মোট ২৮ জন রোগী ভর্তি ছিল। তাদের মধ্যে একজন মারা গেছে। পুলিশ চন্দন সরকারের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। বিস্তারিত তারাই বলতে পারবেন।


ইত্তেফাক/ইউবি