ধনবাড়ীর সেই ভাতকুড়া সেতু ভেঙে পড়ল বৈরাণে

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২০:৪০

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের সেই ভাতকুড়া সেতু বৈরাণ নদে ভেঙে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বিকট শব্দে সেতুটি নদে মুখ থুবড়ে পড়ে। পাইস্কা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফজিলা বেগম জানান, গত ২৪ ঘণ্টার টানা বর্ষণে নদের পানি বেড়ে স্রোতের তীব্রতা দেখা দেয়। সকালে সেতুতে কাঁপনের মাত্রা বেড়ে যায়। ঘণ্টাখানেক পর সশব্দে নদীতে পড়ে। সেতু রক্ষার জন্য তিনি গত বৃহস্পতিবার  উপজেলা পরিষদে গিয়েছিলেন। এলজিইডির উপসহকারী প্রকৌশলী আ. রাজ্জাককে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু কেউ এগিয়ে আসেনি। এখন নদী পারাপারে এলাকাবাসীর ভোগান্তি হবে।

এলাকার পনির চন্দ্র জানান, বহু তদবিরের পর সেতুটি হয়েছিল। কিন্তু বালু ব্যবসায়ীদের সহ্য হয়নি। তাই ক্রমাগত বালু উত্তোলনের ফলে সেতুটি নদে ডুব দিল। প্রবীণ সমশের আলী জানান, একটা সেতু মানে কিছু ইট, বালু বা রড নয়; এলাকার গরিব মানুষের অনেক দিনের স্বপ্ন। সেই স্বপ্ন হারল কিছু লোভী বালু ব্যবসায়ীর কাছে।

দড়িচন্দ্রবাড়ীর সবুর মিয়া জানান, গত সোমবার দুটি পিলার আলগা হয়ে দেবে যাওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। পাঁচ দিনেও উপজেলা প্রশাসনের কেউ পরিদর্শনে আসেননি। পাইস্কা ইউনিয়ন ভেদ করে যাওয়া বৈরাণের ওপর এডিবির অর্থায়নে ২০১৮ সালে এলজিইডি ভাতকুড়া সেতু বানায়। ধনবাড়ী উপজেলা এলজিইডির প্রকৌশলী জয়নাল আবেদীন জানান, এটি মুখ থুবড়ে পড়ার জন্য দায়ী বালু ব্যবসায়ীরা। এরা কারো কথা শুনতে চায় না। সরজমিনে দেখার জন্য ঘটনাস্থলে একজন স্টাফ পাঠানো হয়েছে।  ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম জানান, সেতু ধসে পড়ার খবর তিনি জানতেন না। এখন শুনলেন।  এলজিইডির লোকজন সেখানে পাঠাবেন।