গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে শুক্রবার ভোররাতে জেলে পরান হালদারের জালে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাট বাইপাসসংলগ্ন দুলাল মণ্ডলের আড়ত থেকে নিলামে স্থানীয় মত্স্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। এ সময় বিশাল আকৃতির পাঙাশ মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখলে উত্সুক জনতা সেটা দেখতে ভিড় জমান।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে দুলাল মণ্ডলের আড়ত থেকে ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩০ হাজার ৮০০ টাকা দিয়ে কিনে নিয়েছি। মাছটি বেশি দামে বিক্রির আশায় ক্রেতাদের আকৃষ্ট করতে মোবাইলে ছবি তুলে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করি। পরে মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৩ হাজার টাকায় বিক্রি করি।
