বাড়ছে সংক্রমণ ঝুঁকি
ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিকাদান কেন্দ্রে প্রায় প্রতিদিনই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেখানে টিকা নিতে আসা ব্যক্তিদের গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মোবাইলে যাদের টিকার মেসেজ আসেনি, তাদের চলে যেতে বলা হলে সেখানে হট্টগোল শুরু হয় এবং পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মানুষের ভিড়ের বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান ইবনে আমিন জানান, মোবাইলে মেসেজ না পেয়েও অনেকে টিকা কেন্দ্রে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। টিকা নেওয়ার রেজিস্ট্রেশন করার পর মোবাইলে মেসেজ এলে টিকা কেন্দ্রে যাওয়ার নিয়ম। কিন্তু মানুষ শুধু রেজিস্ট্রেশন কার্ড পেয়ে কেন্দ্রে এসে ভিড় করতে থাকে। এতে যারা মেসেজ পেয়ে এসেছে তারাও ভোগান্তিতে পড়েন। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও চাপ সামাল দিতে সমস্যায় পড়েন। তিনি জানান, বৃহস্পতিবার হাসপাতালের টিকা কেন্দ্রে ২ হাজার ৩২৪ জনকে টিকা দেওয়া হয়েছে।
টিকা নিতে আসা আলতাফ হোসেন বলেন, মোবাইলে মেসেজ আসার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় টিকা কেন্দ্রে এসেছিলাম। এসে দেখি দীর্ঘ লাইন। আমার সামনে ছিল ৩০০-৪০০ জন। অনেকে মোবাইলে মেসেজ না পেয়েও লাইনে দাঁড়িয়ে সমস্যা তৈরি করেছে। তাদের টিকা দেওয়া হবে না বলে জানালে তারা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে চিত্কার শুরু করে।
শরীয়তপুর জেলার সিভিল সার্জন এস এম আবদুল্লাহ আল মুরাদ বলেন, যখন পর্যাপ্ত টিকা আসবে, টিকার স্বল্পতা আর থাকবে না তখন বুথ বাড়বে। যা টিকা আছে তাতে এখন বুথ বাড়ালে সমস্যা দেখা দিতে পারে।
