গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
প্রবল বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন গঙ্গাচড়ার প্রায় ৩ হাজার পরিবার। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এদিকে শুক্রবার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। লোকজন বাড়িঘর সরিয়ে নিয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নোহালী ইউনিয়নের নোহালী, চর নোহালী, বাগডোহরা, মিনার বাজার, চর বাগডোহরা ও নোহালী সাপমারী, আলমবিদিতর ইউনিয়নের হাজীপাড়া ও ব্যাংকপাড়া, কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, উত্তর চিলাখালসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কোলেকান্দ ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন রাজু জানান, শুধু তার ইউনিয়নেই ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, তার এলাকার প্রায় ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া জানান, ভারত তাদের ব্যারেজের গেট খুলে দেওয়ায় নদীতে পানি বেড়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার সকালে তিস্তার পানি বিপত্সীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
