ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে বৃহস্পতি ও শুক্রবার সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদাতাদের পাঠানো খবর।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে শুক্রবার বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন :পাবনার উেপজেলার চর নাকালিয়া গ্রামের আবু সামা প্রামাণিকের ছেলে আলামিন হোসেন (৪২) ও একই গ্রামে রফিক প্রামানিকের ছেলে মোস্তফা (৪৫)। ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মঞ্জুরুল হক ও শাহজাদপুর থানার এসআই রঞ্জু জানান, নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বাঘাবাড়ী বিন্নাদারিতে শাহজাদপুর থেকে বেড়াগামী একটি মোটরসাইকেলে একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঐ দুই জনের মৃত্যু হয়। নিহতদের লাশ পাবনা-মাথপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা: নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনার সতরশ্রীতে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নেত্রকোনা পুলিশের এক এসআইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশের এসআই হাবিবুর রহমান নেত্রকোনার বারহাট্টা থানায় কর্মরত ছিলেন। নেত্রকোনা মডেল থানার (তদন্ত) সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুরে বৃহস্পতিবার বিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. লাবিব (১২)। দুর্ঘটনায় তার বাবা মো. আবুল হোসেন গুরুতর আহত হয়েছেন।
