মিরসরাইয়ে দুলাভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় শ্যালক আটক

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২০:৪৪

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে দুলাভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে শ্যালক মিজানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের শুভপুর বাসস্ট্যান্ডসংলগ্ন জালিয়াঘাট এলাকায় ফেনী নদীর ওপারে কলাবাগানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে নুর উদ্দিন। তিনি সিএনজি অটোরিকশা চালাতেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর শুভপুর বালুমহাল এলাকায় পূর্ব ঘটনার জেরে শ্যালক মিজান কয়েক জন সহযোগী মিলে নুর উদ্দিনকে বেদম মারধর করার এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সন্দেহ হলে খবর দিলে জোরারগঞ্জ থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে এবং শ্যালক মিজানকে আটক করে।

জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বলেন, লাশের হাত-পায়ে কোনো কিছু দিয়ে বাঁধার চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতে চামড়ার ভেতরে রক্তজমাট বাঁধা হয়ে আছে। নিহতের শ্যালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।