ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস পালিত হয় শুক্রবার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮টায় পবিত্র কোরআন খতমের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নজরুল ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
এদিকে নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষ্যে শোকের মাসে আন্তর্জাতিক ওয়েবিনার ‘নজরুলের চলচ্চিত্র :চলচ্চিত্রে নজরুল’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিকালে হয় ওয়েবিনার ‘নাটকের নজরুল’। এরপর রাতে হয় ‘শোকের মাসে স্মরণসভা: নজরুল ও বাংলাদেশ’। এর পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
