সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২০:৪৫

কমলগঞ্জে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের আমনখেত

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা কমলগঞ্জে গত দুই দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের আমনখেত। এতে বিপাকে পড়েছেন আমন চাষিরা। সরেজমিনে জানা যায়, উপজেলার পতনউষার ও মুন্সীবাজার ইউনিয়নের নিম্নাঞ্চলের শতাধিক একর জমির আমনখেত নিমজ্জিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা গোপাল দেব জানান, বৃষ্টির পানিতে নিম্নাঞ্চলে কিছু জমি নিমজ্জিত হয়েছে। দুই-এক দিনের মধ্যেই পানি নেমে গেলে আর ক্ষতি হবে না।

ভূমি ও গৃহহীনদের আশ্রয় প্রকল্প পরিদর্শন

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয় প্রকল্প পরিদর্শন করেছে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। শুক্রবার আশ্রয় প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. জাহিদ হোসেন প্রমুখ।

অসহায়দের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

খুলনা অফিস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগরীর অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শুক্রবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুেকন্দ্র প্রকল্পের’ উদ্যোগে রাষ্ট্রীয় মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির করপোরেট সোশ্যাল রেসপনসিবিটির (সিএসআর) কার্যক্রমের আওতায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

আলোচনাসভা ও চক্ষু ক্যাম্প

কিশোরগঞ্জ প্রতিনিধি জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শুক্রবার আলোচনাসভা ও বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর আ ন ম নৌশাদ খান।

ক্ষুদ্র পল্লি উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীতে শুক্রবার করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র পল্লি উদ্যোক্তাদের মধ্যে সহজ শর্তে প্রণোদনা ‘এসএমই’ ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। বিআরডিবি মিলনায়তনে প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত ২০ জন পল্লি উদ্যোক্তার মধ্যে ৩১ লাখ টাকার এ ঋণ দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা।

স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করেছে স্থানীয় যুবকরা। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজার-আব্দুল্লাহপুর সড়কের প্রায় ২০০ ফুট ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে যুবকরা সংস্কার করে। দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বলেন, স্থানীয় যুবকরা স্বেচ্ছায় অক্লান্ত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করেছে। 

রুই মাছ চাষের প্রদর্শনী

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় উন্নত জাতের জি-৩ রুই মাছ চাষের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চোমরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ফিসের বাস্তবায়নে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী।

 

 

 

০