রিঙ্গোর নতুন ছবিতে মিথিলা

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২১:০৯

 বিনোদন রিপোর্ট

 

ক’মাস আগেই একটি ইন্টারভিউতে মিথিলা বলেছিলেন দারুণ কিছু কাজ নিয়ে দর্শকদের মাঝে আসছেন তিনি। সেভাবেই নিজের ক্যারিয়ারে দারুণ কিছু কাজ যোগ হচ্ছে তার। তবে মিসেস সৃজিত নয়, বরং মিথিলা নিজের মতো করে, নিজ মেধা-যোগ্যতাতেই কাজ করছেন দুই বাংলায়।

কাজের হিসেব কষলে পরিসংখ্যানে এটা স্পষ্ট যে, দুই বাংলায় ওটিটি ও চলচ্চিত্র মিলিয়ে সর্বাধিক কাজ ও ব্যস্ততায় রয়েছেন এখন অভিনেত্রী মিথিলা।

সম্প্রতি মিথিলা শেষ করেছেন টলিউডের অভিষেক ছবি রাজর্ষি দে’র ‘মায়া’। শেক্সপিয়ারের অমর সৃষ্টি ম্যাকবেথের বিখ্যাত চরিত্র লেডি ম্যাকবেথের ভূমিকাতেই দেখা যাবে তাকে। ছবিটির ডাবিং বাকি থাকতেই এবার আরেকটু বড় খবর জানালেন এই অভিনেত্রী।

এবার তিনি চুক্তিবদ্ধ হলেন দুই বাংলার আলোচিত নির্মাতা রিঙ্গোর সিনেমায়। নাম ‘আ রিভার ইন হ্যাভেন’। এতে তিনি অভিনয় করবেন বাচ্চা না হওয়া এক স্ত্রীর চরিত্রে। তার চরিত্রের শুটিং শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। তার আগেই শেষ করবেন ‘মায়া’র ডাবিং।

মায়ার শুটিং শেষ করে মিথিলা মাঝে গিয়েছিলেন মুম্বাই। তবে সেটি তার জন্য নয়, স্বামী সৃজিতের জন্য। কারণ এই নির্মাতার প্রজেক্ট চলছে সেখানে।

ছবিটিতে তার চরিত্র প্রসঙ্গে মিথিলা বলেন, ‘ম্যারেড মেয়ে, বাচ্চা হয় না। সামাজিক-পারিবারিক চাপ রয়েছে এটা নিয়ে। মানে চারপাশ থেকে সাইকোলজিক্যাল টানাপোড়েন রয়েছে চরিত্রটির ভেতর। সামহাউ পিতৃতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবিও উঠে আসবে আমার মাধ্যমে। কারণ বাচ্চা না হওয়ার প্রবলেমটা হয়তো হাজবেন্ডের। কিন্তু দায়টা বহন করতে হচ্ছে আমাকেই! এরমধ্যেও নিজের একটা আলাদা জীবন খুঁজে নেওয়ার চেষ্টা থাকে। মোটামুটি এমনই একটি চরিত্র।’

উল্লেখ্য অর্ণব ব্যানার্জী রিঙ্গো নব্বই দশকে বাংলাদেশে মিউজিক ভিডিও, টেলিফিল্ম নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হন। সে সময় তার নির্মাণে নতুন এক ধারা তৈরি হয়েছিল বাংলাদেশি নাটকের গল্পে। এর কালক্রমে ভারতে পাড়ি জমিয়ে দীর্ঘদিন ধরেই টিভিসি, সিরিয়াল ও সিনেমা নির্মাণ করছেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে বরাবরই পুরোদস্তুর ব্যস্ত তিনি। মিথিলাকে নিয়ে তার এই নতুন গল্পের সিনেমা দর্শকদের ভেতরে দারুণ এক কৌতুহল তৈরি করবে, এটাই সকলের প্রত্যাশা।