বিনোদন রিপোর্ট
কলকাতায় জয়া আহসানের নতুন সিনেমা মানেই বাংলা ছবি নিয়ে দারুণ কিছু আলোচনা। ক্যারিয়ারে প্রতিটি কাজে একের পর এক প্রশংসার ঝুলি কানায় কানায় পূর্ণ করছেন তিনি। এমন ঈর্ষণীয় রেকর্ড দুই বাংলায় আপাতত আর কারোরই নেই।
সম্প্রতি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা অতনু ঘোষের নির্মাণে ‘বিনিসুতোয়’ সিনেমাটিতে জয়ার অভিনয়ের প্রশংসা চারদিকে। একইসঙ্গে এই ছবিতে বরেণ্য এই অভিনেত্রী একটি রবীন্দ্রসংগীতও গেয়েছেন। তা নিয়েও মুগ্ধতার আলো ছড়াচ্ছে চারদিকে।
এছাড়া করোনাকালীন এই সময়ে সিনেমা হলগুলোর দর্শক, তাদের স্বাস্থ্যবিধির নিয়মনীতি পেরিয়েই হাউজফুল হয়েছে ছবিটি। ছবিটি বিশ্ববাজারে বিপণনের জন্য এখন প্রস্তুত। টলিউডের প্রখ্যাত অভিনেতা ঋত্ত্বিক চক্রবর্তী আর জয়া আহসানের এই জুটি নিয়ে এরইমধ্যে বিশ্ববাঙালিদের কৌতুহলও অনেক।
বায়োস্কোপ ফিল্মসের ব্যানারে যুক্তরাষ্ট্রের কয়েকটি সিনেমা হলে ছবিটি রিলিজ দেওয়ার কথা চলছে। এ প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা এর আগেও জয়া আহসানের ছবি নিয়ে এসেছি। জয়া আহসান এমন এক ব্যক্তিত্বের নাম। তার একটি দারুণ কোয়ালিটি দর্শক রয়েছেন। যা প্রবাসের বাংলাদেশ ও ভারতীয় কমিউনিটিতে ব্যাপক কৌতুহল তৈরি করে। সেই ধারাবাহিকতাতেই আমরা এবার তার অভিনীত বিনিসুতোয় ছবিটি নিয়ে আসার পরিকল্পনা করছি।’
এর বাইরে জয়া আহসান তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান সি তে সিনেমা’র ব্যানারে ‘দেবী’ ছবিটির সাফল্যের পর নতুন আরো একটি রাষ্ট্রীয় অনুদানের ছবির কাজ শুরু করেছেন। তা নিয়েও খুব জলদিই সরব হওয়ার অপেক্ষায় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি।
