বিনোদন রিপোর্ট
রবিউল ইসলাম জীবনের কথা, নাজিব জহিরের সুরে ‘আঁধারের পাতা উল্টে দাও’ শিরোনামের নতুন একটি গান গত বুধবার প্রকাশ করা হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন নাজিব জহির, সারাফ চিশতী ও বাপ্পী। ভিডিও নির্মাণ করেছেন টিভি নির্মাতা মাহমুদ দিদার। রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে।
সমাজসেবামূলক সংগঠন ‘স্পিক আউট ফাউন্ডেশন’-এর থিম সং হিসেবে গানটি এসআর ক্রিয়েটিভস অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে স্পিক আউট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সুপন রায় বলেন, ‘২০১৩ সালে আমরা ফাউন্ডেশনটির যাত্রা শুরু করি। তবে প্রতিষ্ঠার পরপরই তখনকার বাস্তবতায় খুব বেশি কিছু করতে পারিনি। কিন্তু ২০২০ সালে করোনা অতিমারির সময়ে আমরা জোরালোভাবে কাজ শুরু করি। দেশজুড়ে প্রায় ১৮০টি পরিবার উপকৃত হয় ফাউন্ডেশটির মাধ্যমে। এখন থেকে আমরা নিয়মিত কাজ করব। তারই অংশ হিসেবে আনুষ্ঠানিভাবে নিজেদের থিম সং প্রকাশ করেছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের প্রাক্তন এআইজি মালিক খসরু, মুনির হাসান, সাংবাদিক আক্কাস মাহমুদ, ডাক্তার ঝুমু খান, অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি, গায়িকা আলম আরা মিনু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফৌজিয়া এরিনা।
