ছুটির দিন মানেই জম্পেস আড্ডা, খাওয়াদাওয়া আর পরিবারের সবার সাথে সময় কাটানো। রাতে অতিথিরও আগমান হয় অনেকের বাড়িতে। কারণ, সপ্তাহের এ দিনটিতেই মেলে অবসর। তাই ছুটির রাতে অতিথি আপ্যায়নে রান্নায় যেনো থাকে নতুনত্ব।পাঠকদের জন্য মজাদার ৩টি মুরগির রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি।
বিন্দি পোলাও
প্রয়োজনীয় উপকরণ
- যেকোনো মাংসের কিমা ২ কাপ
- গোলমরিচ গুঁড়া ১ টেবিল
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- গরম মসলার গুঁড়া ১ চা চামচ
- কিশমিশ বাটা ১ টেবিল চামচ
- বাদাম বাটা ১ টেবিল চামচ
- বেরেস্তা বাটা ১ টেবিল চামচ
- ডিম ১ টি
- কর্ণফ্লাওয়ার পরিমাণমতো
- বাসমতি চাল সিদ্ধ ২ কাপ
- গাজর ৩ টেবিল চামচ
- হলুদ ক্যাপসিকাম ৩ টেবিল চামচ
- কাজুবাদাম ১০/১২ টি
- পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ
- কাঁচা মরিচ ১০/১২ টি
- তারা মসলার ১ টি
- তরল দুধ ১ কাপ
- লেবুর রস ১ টেবিল চামচ
- বাটার ৩ টেবিল চামচ
- লবণ ও চিনি স্বাদমতো।

প্রস্তুত প্রণালী
কিমার সাথে গোল মরিচ, গরম মসলা গুঁড়া, বাদাম, কিশমিশ, আদা, রসুন, বেরেস্তা বাটা ও স্বাদমতো লবণ দিয়ে মেখে ১৫ মিনিট রেখে দিতে হবে। এবার ডিম ও কর্ণফ্লাওয়ার মেখে ছোট ছোট বল তৈরি করে অল্প পানিতে সিদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। এরপর হাঁড়িতে বাটার গরম করে তারা মসলা ও পেঁয়াজ কুঁচি ভেজে সবজি মুরগির বল দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। দুধে লেবুর রস ও চিনি মিশিয়ে রাখতে হবে। এ পর্যায়ে হাঁড়িতে সিদ্ধ করা বাসমতি চাল, বাদাম ও কাঁচা মরিচ দিয়ে মিশিয়ে দুধের মিশ্রণ দিয়ে মৃদু আঁচে ১৫ মিনিট ঢেকে পোলাও দমে বসিয়ে রাখতে হবে। সবশেষে ঢাকনা খুলে পরিবেশন পাত্রে ঢেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করতে হবে।

মুরগির রঙিন কাবাব
প্রয়োজনীয় উপকরণ
- মুরগির কিমা ২ কাপ
- লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম কিমা ১/৪ কাপ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১ চা চামচ
- পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ
- কাঁচা মরিচ বাটা ১ টেবিল
- জায়ফল, জয়িত্রী ও দারুচিনির গুঁড়া ১/৪ চা চামচ
- ঘি ২ টেবিল চামচ
- কর্ণফ্লাওয়ার পরিমাণমতো
- ডিম ১/২টি
- লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী
মাংসের সাথে আদা, রসুন, পুদিনা পাতা , কাঁচামরিচ বাটা, গরম মসলার গুঁড়া ও লবণ মেখে ১৫ মিনিট রেখে দিতে হবে। এবার ক্যাপসিকাম, ডিম ও কর্ণফ্লাওয়ার মিশিয়ে হাতে ঘি মেখে পানের মতো আকৃতি দিয়ে কাবাবগুলো তৈরি করে ফ্রিজে ১৫ মিনিট রেখে দিতে হবে যাতে করে কাবাবগুলো একটু শক্ত হয়। এর ফলে ভাজার সময় ভেঙে যাবে না। এবার পাত্রে ঘি গরম করে কাবাবগুলো মৃদু আঁচে ভেজে পছন্দমতো সাজিয়ে নিয়ে পরিবেশন করুন।

মুরগির বাদামি রোস্ট
প্রয়োজনীয় উপকরণ
- মুরগি ১ টি (১ কেজি)
- পেঁয়াজ কুঁচি ১ কাপ
- পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ
- আদা বাটা ১ চা চামচ
- রসুন বাটা ১/২ চা চামচ
- টক দই ১/৪ কাপ
- পোস্ত বাটা ১ চা চামচ
- চিনা বাদাম বাটা ১ চা চামচ
- কাঠবাদাম ও পেস্তাবাদাম কুঁচি ২ টেবিল চামচ
- গরম মসলা গুঁড়া ১ চা চামচ
- মরিচ গুঁড়া ১ চা চামচ
- এলাচি ৩ টি
- দারুচিনি ২ টুকরা
- তেজপাতা ১ টি
- আলু বোখারা ৩ টি
- কাঁচামরিচ ৫/৬ টি
- চিনি ১ চা চামচ
- তেল ৩ টেবিল চামচ
- ঘি ৩ টেবিল চামচ
- মাওয়া ১/২ কাপ
- বাদাম কুঁচি ২ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
- খাবার রঙ সামান্য।

প্রস্তুত প্রণালী
কড়াইতে তেল ও ঘি গরম করে মুরগি হালকা ভেজে নিতে হবে। ভাজা মুরগি একটি পাত্রে তুলে রাখতে হবে। একটি পাত্রে টক দই, বাটা মসলা ও সমস্ত গুঁড়া মসলা একসাথে অল্প পানি দিয়া গুলে নিতে হবে। একই কড়াইতে পেঁয়াজ কুঁচি হালকা বাদামী করে ভেজে গুলে রাখা মসলা দিয়ে কষিয়ে ভেজে রাখা মুরগি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে মুরগি সিদ্ধ হবার জন্য। মুরগি আধা সিদ্ধ হলে আলু বোখারা, কাঁচা মরিচ, চিনি ও লবণ দিয়ে নেড়ে আরো কিছুক্ষণ ঢেকে দিতে হবে। মুরগি সিদ্ধ হয়ে আসলে বাদাম, পেঁয়াজ বেরেস্তা, মাওয়া বা ইচ্ছামতো সাজিয়ে পোলাও, পারাটার সাথে পরিবেশন করুন।
ইত্তেফাক/আরএম
