বিমানের সাংকেতিক নামে আফগান ঐ কন্যা শিশুর নাম রাখা হলো

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২১:১৩

এএফপি

আফগানিস্তান থেকে জার্মানি যাওয়ার পথে মার্কিন সামরিক বিমানে জন্ম নেওয়া আফগান কন্যা শিশুর ভিন্নধর্মী একটি নাম রাখা হয়েছে। ঐ বিমানের সাংকেতিক নামে শিশুটির নাম রাখা হয়েছে ‘রিচ’।

তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর শনিবার জার্মানিতে মার্কিন সামরিক ঘাঁটিতে যাওয়ার উদ্দেশে অন্য অনেকের সঙ্গে দেশ ছাড়ে শিশুটির পরিবার। বিমান অবতরণের পরপরই বিমানের কার্গো হোল্ডে সামরিক চিকিত্সকদের সহায়তায় মা ঐ কন্যা শিশুর জন্ম দেন। পরে তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

অন্য বিমান এবং নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিটি মার্কিন বিমানের একটি করে সাংকেতিক নাম থাকে। সি-১৭ কার্গো প্লেনের সাধারণত সাংকেতিক নাম থাকে রিচ। আফগান ঐ পরিবারকে বহনকারী বিমানটির সাংকেতিক নাম রিচ ৮২৮। তাই শিশুটির বাবা-মা সন্তানের নাম রেখেছে রিচ। ইউএস ইউরোপিয়ান কমান্ডের প্রধান জেনারেল টড উল্টার্স এ কথা জানিয়েছেন। তিনি আরো জানান, অন্যান্য আফগান শরণার্থীর সঙ্গে শিশুটির পিতা-মাতাও যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে যাচ্ছে।