কেরালার বিধায়ককে হত্যার হুমকি

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২১:১৪

ফেসবুকে তালেবানের সমালোচনা

ফেসবুকে আফগানিস্তানে তালেবানের সমালোচনা করায় কেরালার প্রাক্তন মন্ত্রী তথা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) বিধায়ক এম কে মুনিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানিয়েছেন মুনির। খবর নিউজ ১৮ এর

বিধায়ক এম কে মুনির শুক্রবার জানিয়েছেন, কাবুল দখলের পর আফগান নাগরিকদের ওপর তালেবানের অত্যাচারের বিরুদ্ধে গত ১৭ আগস্ট ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি। বৃহস্পতিবার তার কাছে একটি হুমকির চিঠি আসে। তাতে মালয়ালি ভাষায় লেখা হয়েছে, ‘নেটমাধ্যমের ঐ পোস্টটি ২৪ ঘণ্টার মধ্যে তুলে না নিলে আপনার পরিণতিও জোশেফের মতো হবে।’ ইসলামি জঙ্গি সংগঠনগুলোর সমালোচনা করার দায়ে প্রায় এক দশক আগে অধ্যাপক টি জে জোশেফের হাত কেটে নেওয়া হয়েছিল।