সাকিব অনুশীলনে ফিরবেন আজ
স্পোর্টস রিপোর্টার
করোনাকালে কোয়ারেন্টাইন, জৈব সুরক্ষা বলয় আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। মানসিক ধকল থাকলেও ক্রিকেটাররা এখন এসবের সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হচ্ছেন। টিম হোটেলে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য গতকাল সকাল ১০টা থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করে টাইগাররা।
তবে এদিন অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান। তাকে ছাড়াই অনুশীলন সেরেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। যুক্তরাষ্ট্র থেকে গত ২৪ আগস্ট মধ্যরাতে দেশে ফিরেছিলেন সাকিব। টিম হোটেলে প্রবেশ করেছেন রাতেই, কিন্তু ততক্ষণে ক্যালেন্ডারের পাতায় তারিখটা পরিবর্তন হয়ে গিয়েছিল। তাই পুরো দলের সঙ্গে সাকিবের কোয়ারেন্টাইন শেষ হয়নি। গতকাল কোয়ারেন্টাইন শেষ হয়েছে এ বাঁহাতি অলরাউন্ডারের। বিসিবি থেকে জানা গেছে, আজই অনুশীলনে ফিরবেন সাকিব।
নিউজিল্যান্ডের মাটিতে ২০১৭ সালে টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছিল নুরুল হাসান সোহানের। তখন নিজের দলকে দেখেছেন বিরুদ্ধ কন্ডিশনে ধুঁকতে। এবার ঘরের আঙিনায় পেয়ে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ভালো কিছু আশা করছেন সোহান। দেশসেরা এই উইকেটকিপারের মতে, দলগত ভাবে ভালো খেললেই রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসবে। আগের দুই সিরিজের মতো এবারও দলীয় প্রচেষ্টাই দেখতে চান তিনি।
বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। তাদের বিরুদ্ধেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছেন সোহান। তিনি বলেছেন, ‘অবশ্যই নিউজিল্যান্ড ভালো টিম। আমার কাছে মনে হয় কম্পিটিটিভ একটা সিরিজ হবে। এবং আমার কাছে যেটা মনে হয় যে, টিম হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে আমাদের ভালো রেজাল্ট করার সম্ভাবনা বেশি থাকবে।’
দলীয় পারফরম্যান্সেই ভরসা করছেন সোহান। গতকাল অনুশীলন শেষে ২৭ বছর বয়সি এ ক্রিকেটার বলেছেন, ‘শেষ দুটি সিরিজ আমাদের ভালো গেছে। সবচেয়ে বড় কথা আমরা টিম হিসেবে খেলতে পেরেছি। আমার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ, এ সিরিজেও টিম হিসেবে খেলতে পারলে অবশ্যই ভালো রেজাল্ট হবে।’
নিউজিল্যান্ডে অভিষেক হলেও তখন জাতীয় দলে স্থায়ী হতে পারেননি সোহান। প্রায় চার বছর পর ফিরে টানা দুটি সিরিজ খেলেছেন তিনি। উইকেটের পেছনে দারুণ কিপিং করেছেন, ব্যাট হাতেও অবদান রেখেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান সোহান।
গতকাল তিনি বলেছেন, ‘আমার যেহেতু ওডিআই ও টেস্ট ডেব্যু নিউজিল্যান্ডের সঙ্গে হয়েছে, অবশ্যই আশা করব, নিজের পারফরম্যান্সটা যদি দলে সুযোগ পাই শতভাগ দিতে চেষ্টা করব।’
মুশফিকুর রহিম ও লিটন দাস দলে ফেরায় এ সিরিজে বাংলাদেশের একাদশে সোহানের সুযোগ পাওয়া কঠিনই বটে। তবে কিপিংয়ের বিশেষায়িত পজিশনে গুরুত্ব দিলে মুশফিক-লিটনের চেয়ে বহুগুণ এগিয়ে থাকবেন সোহান।
