স্পোর্টস ডেস্ক
নাটকীয় দলবদল মৌসুমের আরো এক নাটক জন্ম দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্তাস ছেড়ে পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন ৩৬ বছর বয়সি এই ফরোয়ার্ড। ইংলিশ গণমাধ্যমের রিপোর্ট, রেড ডেভিলসের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি।
ইউনাইটেডের কাছে রোনালদো ঘরের ছেলের মতোই। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত খবর ছিল, জুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন রোনালদো। কিন্তু আলোচনা খুব বেশি এগোয়নি। সিটির মতোই রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিসের পেছনে পড়েছিল ইউনাইটেড। তবে সিটির মতো হাল ছাড়েনি। জুভেন্তাসের দাবি মিটিয়ে ঘরের ছেলে ঘরে ফিরিয়ে নিয়ে আসছে তারা।
রেড ডেভিলসের হয়ে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছয় বছরের উজ্জ্বল ক্যারিয়ারে কোনো দাগ নেই রোনালদোর। একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ জিতেছেন তিনটি লিগ শিরোপা। তার পাঁচ ব্যালন ডি অরের প্রথমটি আসে এই ক্লাবে থাকাকালীনই। পুরোনো সতীর্থকে শিষ্য হিসেবে ফিরে পাবার ব্যাপারে রেড ডেভিলস কোচ ওলে গানার সোলশার গতকাল বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো? ওর সঙ্গে সব সময়ই ভালো যোগাযোগ ছিল আমাদের। ব্রুনো তার সঙ্গে কথা বলছে এবং জানে আমরা তাকে নিয়ে কী ভাবছি। যদি সে কখনো জুভেন্তাস ছাড়তে চায় ও জানে আমরা আছি।’
এর আগে গতকাল জুভেন্তাসের অনুশীলনে বরাবরের মতোই সঠিক সময়ে পৌঁছান ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার অনুশীলনের পরিবর্তে বিদায় জানাতে গিয়েছিলেন জুভেন্তাস সতীর্থদের। চুক্তি শেষ হওয়ার এক বছর আগেই জুভেন্তাস ছাড়ছেন ৩৬ বছর বয়সি এই পর্তুগিজ ফরোয়ার্ড।
চলতি মৌসুমে রোনালদোর না থাকার ব্যাপারে জুভেন্তাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিও বলেন, ‘গতকাল (পরশু) সে আমাকে বলেছে, দ্রুতই জুভেন্তাস ছাড়তে চায় সে। এটাই সত্যি এবং নিশ্চিত। এই কারণে সে আজ (গতকাল) অনুশীলনে ছিল না এবং আগামীকালের (আজ) ম্যাচেও থাকছে না সে। আমি তার সিদ্ধান্তে হতাশ নই। তিন বছর জুভেন্তাসে থাকার পর নতুন ক্লাবের সন্ধানে আছে সে। এটাই জীবনের অংশ।’
রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৮ সালে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন। তিন বছরের ক্যারিয়ারে তুরিনের বুড়িদের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সেই রোনালদো ফের দাপিয়ে বেড়াবেন ওল্ড ট্রাফোর্ডে।
