বাংলাদেশের কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে চান হেনরি

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০০:৫০

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড দল। মূলত পাকিস্তান সফরের দলেই ছিলেন ম্যাট হেনরি। ফিন অ্যালেন করোনা আক্রান্ত হয়ে পড়ায় হুট করেই হেনরির ডাক পড়ল বাংলাদেশে। আইসোলেশনে থাকা অ্যালেনের বদলি হিসেবে ডানহাতি এ পেসারকে পাঠাচ্ছে নিউজিল্যান্ড। যদিও সর্বশেষ ২০১৭ সালে নিউজিল্যান্ডের হয়ে টি-২০ খেলেছিলেন তিনি। সেটিও নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে। আগামী ৩০ আগস্ট ঢাকার পথে বিমানে চড়বেন হেনরি।

ক্যারিয়ারে সবসময় ঘরের মাঠেই বাংলাদেশের বিরুদ্ধে খেলেছেন ২৯ বছর বয়সি এ পেসার। বল হাতে দাপট দেখিয়েছেন। এবারই প্রথম বাংলাদেশের কন্ডিশনে খেলতে আসছেন তিনি। চ্যালেঞ্জটা নিতেও মুখিয়ে আছেন অভিজ্ঞ এ পেসার।

গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হেনরি বলেছেন, ‘আমি কখনো বাংলাদেশে খেলিনি। এবারই প্রথম সেখানে যাব। ভারত ও আরব আমিরাতে খেলেছি আমি। উপমহাদেশের কন্ডিশনে আমার অভিজ্ঞতা রয়েছে। তাই আমি অনেক আত্মবিশ্বাস নিয়েই সেখানে যাব। শেষ সিরিজে সেখানে অনেক লো স্কোরিং ম্যাচ হয়েছে। তাই চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে রয়েছি। নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব।’

ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী দল। এখানে এসে পারফরম করা সহজ নয় বলছেন হেনরি। তিনি বলেছেন, ‘গত কয়েক বছরে আমি বাংলাদেশের বিপক্ষে খেলেছি। তবে সবগুলোই আমাদের কন্ডিশনে। যা কি-না আমাদের সামনে যা রয়েছে তার চেয়ে পুরোপুরি বিপরীত। নিজেদের সাম্প্রতিক সিরিজে খুব শক্তিশালী ছিল বাংলাদেশ। ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলা বরাবরই কঠিন।’

বাংলাদেশের কন্ডিশন বিবেচনা করে লিঙ্কনের স্লো উইকেটে বোলিং করেছেন নিউজিল্যান্ডের বোলাররা। একই দলে ছিলেন হেনরিও। তার মতে, লিঙ্কনের অনুশীলন কাজে লাগবে বাংলাদেশ সফরে। তিনি বলেছেন, ‘আমরা লিংকনে ধীরগতির উইকেটে বেশ ভালো অনুশীলন করেছি। আসন্ন সিরিজে অনেক কিছুই পরিবর্তন ঘটবে। বিশেষ করে ভিন্নভাবে বোলিং করা হবে। এসব কন্ডিশনে আমার অভিজ্ঞতা রয়েছে।’

এদিকে গতকাল কোয়ারেন্টাইন শেষে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছে নিউজিল্যান্ড দল। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে সফরকারীরা।