জনির চোটে ডাক পেলেন সুমন রেজা

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০০:৫০

স্পোর্টস রিপোর্টার

আগের দিন কথা বলছিলেন জাতীয় ফুটবল দল থেকে বাদ পড়া স্ট্রাইকার সুমন রেজা। কিরগিজস্তান সফরে যাওয়া হচ্ছে না বলে বাদ পড়া নিয়ে তার কোনো আফসোস নেই। সামনে সুযোগ আসবে। নিজেকে আরো ভালোভাবে তৈরি করতে মনোযোগ দিতে চান। কোচ জেমি ডে সুমন রেজাকে জানিয়েছিলেন প্রস্তুত থাকো। সময় হলে ডাকা হবে। সুমন রেজা ভাবেননি এত দ্রুত তাকে ডাকা হবে। জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন কাতারে খেলে আসা উত্তর বারিধারা সুমন রেজা। কিরগিজস্তানে বাংলাদেশ স্কোয়াডে নেওয়া হয়নি। টাঙ্গাইলে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আচমকা খবর এসেছে বাফুফে থেকে। কিরগিজস্তান যেতে হবে।

একজনের কপাল পুড়েছে আরেক জনের কপাল খুলেছে। দলে ছিলেন বুসন্ধরা কিংসের ডিফেন্সিভ মিডফিল্ডার মাসুক মিয়া জনি। মালদ্বীপে গিয়েছিলেন এএফসি কাপ খেলতে। গ্রুপ পর্বে মাসুক মিয়া জনি খেলেছেন। কিন্তু কোচ জেমি ডে’র জানা ছিল না জনি চোট নিয়ে ফিরেছেন। জনিকে বাদ দিয়ে জেমি ডেকেছেন সুমন রেজাকে।

দারুণ খুশি সুমন রেজা। সুমন রেজা বলছিলেন, ‘এটাই হচ্ছে ভাগ্য। একজন বাদ পড়ায় আরেক জনের দুয়ার খোলে।’ সুমন রেজা বলছিলেন, ‘জনি ভাইয়ের জন্য শুভ কমানা রইল তিনি দ্রুত সেরে উঠুন।’

এবার জাতীয় দলে নেওয়া হয়নি ম্যানেজার। ফুটবল ম্যানেজার না থাকলেও নেওয়া হয়েছে পর্যবেক্ষক। সাবেক ফুটবলার বাফুফের সদস্য ইলিয়াস হোসেন কিরজিস্তান যাবেন। গতকাল গভীর রাতেই বাংলাদেশ ফুটবল দল কিরগিজস্তানের পথে উড়াল দেওয়ার কথা। এই দলটি সেখানে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে খেলবে। মূলত এই টুর্নামেন্ট হচ্ছে অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপকে লক্ষ্য রেখে। ঢাকা হতে কিরগিজস্তানে গিয়ে অনুশীলন শুরু করবে ফুটবল দল। সেখানে ৫, ৭ এবং ৯ সেপ্টেম্বর বাংলাদেশের ম্যাচ।