সরিষাবাড়ীতে ব্রিজের সংযোগ সড়ক দেবে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২১:৫০

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

সরিষাবাড়ী-মাদারগঞ্জ সড়কে শিশুয়া বাঘমারা এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত জনগুরুত্বপূর্ণ ব্রিজটির এক পাশের সংযোগ সড়ক ভারী বর্ষণে দেবে গেছে। এতে সদর উপজেলাসহ তিন উপজেলার প্রায় ৫০টি গ্রামের তিন লক্ষাধিক মানুষের যাতায়াতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই ব্রিজ দিয়ে যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে।  কৃষিপণ্য থেকে শুরু করে মুমূর্ষু রোগী বহনে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, জেলার সরিষাবাড়ী উপজেলার আরামনগর বড় বাজার ট্রাক সমিতির মোড় থেকে সাতযোয়া ইউনিয়ন হয়ে মাদারগঞ্জ এবং কাজীপুর উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র পথ এটি। এই সড়কের শিশুয়া-বাঘমারা এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মিত ৩৫০ মিটার দৈর্ঘ্যের ব্রিজটির পশ্চিম পাশের সংযোগ সড়কটি গত বছরের বন্যায় ধসে যায়। এরপর এলজিডি এবং স্থানীয় সরকারের উদ্যোগে ১২ লাখ টাকা ব্যয়ে তিন তিন বার করে বালির ব্যাগ ফেলে মেরামত করা হলেও তাতে কোনো কাজে আসেনি। সর্বশেষ গত বুধবার ভারী বর্ষণে ব্রিজের সংযোগ সড়কের অংশটি আবার ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সব ধরনের ভারী যানবাহন গাড়ি অটোভ্যান, অটোরিকশা, ভ্যান ব্রিজের দুই পাড়ে দাঁড়িয়ে থেকে দুই দিকে যাতায়াত করছে।  এলাকাবাসীর উদ্যোগে দুটি গাছ ফেলে তার ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে মালামাল।

শিশুয়া গ্রামের আ. রহিম জানান, গত বন্যায় ব্রিজটির পশ্চিম পাশের সড়কের অংশ ভেঙে গেলে এলজিইডি থেকে ২ লাখ টাকা ব্যয়ে বালির বস্তা ফেলা হয়। তার কয়েক দিন পরে আবার ভেঙে গেলে স্থানীয় সরকারের তহবিল থেকে ১০ লাখ টাকা ব্যয় করে সংস্কারকাজ করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। গত তিন দিন ধরে এই ব্রিজ দিয়ে যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।