পাইলটের হার্ট অ্যাটাক ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২২:৫২

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ১২৪ যাত্রী নিয়ে ওমানের রাজধানী মাসকাট থেকে ঢাকা ফেরার পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। মাসকাট থেকে উড্ডয়ন করা বিমানটির ৪৬ বছর বয়সি ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম ভারতের মধ্য আকাশে হূদেরাগে আক্রান্ত হওয়ার পর কো-পাইলট মহারাষ্ট্র রাজ্যের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। পরে তাকে দ্রুত ককপিট থেকে বের করে স্থানীয় হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। হিন্দুস্তান টাইমস জানায়, বিমানটির ক্যাপ্টেন নওশাদ বেলা ১১টার দিকে রায়পুরের কাছাকাছি অসুস্থ বোধ করেন। তিনি হূদেরাগে আক্রান্ত হয়েছিলেন। এ সময় দ্রুতই পরিস্থিতির গুরুত্ব আঁচ করে তিনি এবং সহকারী পাইলট কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। এরপর ১১টা ৪০ মিনিট নাগাদ কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় ঐ বিমান থেকে। পরে নাগপুর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে ঐ বিমানটিকে অবতরণ করানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অবতরণের পর হোপ হাসপাতালে পাইলটের প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। ফ্লাইটে যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন। যাত্রীদের এয়ারক্রাফট থেকে নামিয়ে টার্মিনালের লাউঞ্জে নেওয়া হয়েছে।

বাংলাদেশ বিমানের এমডি আবু সালেহ মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পাইলটের হার্ট অ্যাটাক হয়েছে। তার অবস্থা এখন সুস্থতার দিকে। তিনি কথাও বলেছেন। চিকিত্সকরা ছাড়পত্র দিলেই তিনি দেশে ফিরবেন। সেই উড়োজাহাজ ও যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমানের শিডিউল ফ্লাইটের মাধ্যমে আট সদস্যের একটি উদ্ধারকারী দলকে নাগপুরে পাঠানো হয়েছে। সেখান থেকে রাতেই যাত্রীসহ বিজি-০২২ ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছানোর কথা।

কে এই পাইলট নওশাদ?

ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম ২০০২ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পাইলট হিসেবে যোগদান করেন। তিনি এ পর্যন্ত মোট ৯ হাজারের বেশি ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেছেন। নওশাদ আতাউল কাইয়ুমকে পেশাগত দক্ষতা ও নৈপুণ্যের প্রশংসা করে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশন। গত ২২ ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দক্ষতার সঙ্গে নিরাপদে জরুরি অবতরণ করাতে পারায় পাইলট নওশাদের প্রশংসা করেন আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন রন অ্যাবেল ।