চট্টগ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত চার দুর্বৃত্ত পণ্যসহ গ্রেফতার

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২২:৫৩

নগরীতে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত দুর্বৃত্ত চক্রের চার সদস্যকে পণ্যসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সবাই আন্তঃজেলা দুর্বৃত্ত চক্রের সদস্য বলে পুলিশ জানায়। এদের তত্পরতায় এতদিন নগরীর ব্যবসায়ী মহলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছিল।

গ্রেফতারকৃরা হলো—মো. নুর ইসলাম সুমন (৩০), মো. হারুন খন্দকার প্রকাশ সবুজ (৩০), মো. মেহেদী হাসান (২৩) ও মো. হাবিব (২০)। এদেরকে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত টানা অভিযান চালিয়ে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দীন জানান, পূর্ব গোসাইলডাঙ্গা এলাকার আজিজ মিয়ার গোডাউনের নিচ তলায় বাগদাদ ডিস্ট্রিবিউশনে চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে চুরি হওয়া একটি ট্যাব, ৯টি মোবাইল সেট, চুরির কাজে ব্যবহূত একটি গ্রিল কাটার ও একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে। বাগদাদ ডিস্ট্রিবিউশনের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

বন্দর থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বন্দর থানার পূর্ব গোসাইলডাঙ্গা এলাকার আজিজ মিয়ার গোডাউনের নিচ তলায় বাগদাদ ডিস্ট্রিবিউশন থেকে গত ১৯ আগস্ট রাত সাড়ে ১১টা থেকে গত ২১ আগস্ট সকাল পৌনে ৯টার মধ্যবর্তী যে কোনো সময়ে চুরির ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের লকারে থাকা নগদ ৩ লাখ ৫২ হাজার টাকা ও বিভিন্ন গ্রাহকের প্রদত্ত বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট-পে চেক ১১টি, যার মূল্য ২ লাখ ৫৮ হাজার ১৩৬ টাকা এবং অ্যাকাউন্ট ম্যানেজারের ডেস্কে রাখা দুটি পিডিএ ট্যাব, ১৪টি অ্যানড্রয়েড মোবাইল, যার  আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকাসহ সর্বমোট ৫ লাখ ১২ হাজার টাকা মূল্যের সম্পদ চুরি করে নিয়ে যায়। বাগদাদ ডিস্ট্রিবিউশনের অ্যাডমিন ম্যানেজার বিপ্লব বিশ্বাস গত ২২ আগস্ট থানায় মামলা করেন।