মিরপুরে অগ্নিকাণ্ড মৃতের সংখ্যা বেড়ে ৪

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২২:৫৫

gবিশেষ প্রতিনিধি

 রাজধানীর মিরপুরে গ্যাসলাইন থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ সাত জনের মধ্যে চিকিত্সাধীন অবস্থায় আরো তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার জনে। গতকাল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিত্সক (আবাসিক) ডা. এস এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে দগ্ধ শফিকুল ইসলাম, গ্যাসলাইনের মিস্ত্রী সুমন আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে রাত সাড়ে ১০টার দিকে রিনা বেগম  নামে দগ্ধ এক নারীর মৃত্যু হয়। পরে রওশন আরা নামে আরো এক নারীর মৃত্যু হয়।

বুধবার রাত ১২টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাসলাইনের গোলযোগ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ সাত জন দগ্ধ হন। এ ঘটনায় দগ্ধ আরো চার জন হাসপাতালে চিকিত্সাধীন। পল্লবী থানার এসআই মো. নাসির উদ্দিন জানান, গত কয়েক দিন ঐ বাড়িতে গ্যাস ছিল না। রাতে লাইনে হঠাত্ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির মালিকসহ কয়েক জন মিলে গ্যাস রাইজার পরিষ্কার করছিলেন। এ সময় হঠাত্ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সাত জন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।