বিশেষ প্রতিনিধি
রাজধানীর মুগদায় নাসির নামে এক যুবক হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তসহ চার আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো—রিপন, খোকন, মোস্তফা ও খুকি।
মামলার এজাহারের বরাত দিয়ে ডিএমপির মুগদা থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা জানান, ২৫ আগস্ট রাত ১০টার দিকে ভুক্তভোগী নাসির কোরবানির ঈদে কসাইয়ের কাজে সাহায্য করা মোস্তাক ফকির বাঘার কাছে পারিশ্রমিক চাইতে যায়। ঘটনাস্থল ১২২ নম্বর উত্তর মুগদার একটি বাড়ির সামনে বাঘাসহ রিপন, খোকন, মোস্তফা, খুকি ও শামীমের সঙ্গে নাসিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তাক ফকির বাঘার নির্দেশে রিপন ছুরি দিয়ে নাসিরের পিছন দিক থেকে আঘাত করে। এতে নাসির গুরুতর জখম হয়। স্থানীয় লোকজনের সহায়তায় নাসিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি আরো বলেন, এ ঘটনায় ২৬ আগস্ট নাসিরের স্ত্রী মোস্তাক ফকির বাঘা, রিপন, খোকন, মোস্তফা, খুকি ও শামীমসহ ছয় জনকে অভিযুক্ত করে মুগদা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মুগদা থানায় হত্যাচেষ্টাসহ মারামারির একটি মামলা হয়।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো নাসিরকে পরে মিটফোর্ড হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করা হয়। কিন্তু মিটফোর্ড হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি না থাকায় গ্রিন রোডের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ২৬ আগস্ট ভোরে নাসিরের মৃত্যু হয়। এ ঘটনায় পূর্বের মামলার সঙ্গে হত্যার অপরাধের ধারা সংযোজন করা হয় বলে জানান মুগদা থানার ওসি।
