বিশেষ প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো—মো. এনামুল হক দিদার ও মো. আশিকুল ইসলাম। অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল থেকে ৫০ কেজি গাঁজাসহ এনামুল ও আশিকুলকে গ্রেফতার করা হয়।
এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের কাছে তথ্য আসে যে কয়েক জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজাসহ মাতুয়াইল মহাসড়কে অবস্থান করছে। তার ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ঐ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হবিগঞ্জ জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
