শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৮

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২২:৫৬

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের জেরে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আট জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, এলাকার ডেকো গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় তিন বছর ধরে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ঝুটের ব্যবসা করছেন এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান (লাবিব সরকার)। তার ওয়ার্ক অর্ডারের মেয়াদ শেষ হবে আগামী ৩০ আগস্ট। এরই মধ্যে ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজি সুলতান উদ্দিন সরকার। তা নিয়ে বিরোধ দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ আগামী ৩ সেপ্টেম্বর এর সুরাহা দেবে বলে দুই পক্ষকে আশ্বস্ত করে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাবিবুর রহমান সরকার কারখানার কর্মকর্তাদের সহযোগিতায় গোপনে ট্রাকভর্তি ঝুট বের করার সময় টের পান হাজি সুলতান উদ্দিন সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ সময় হাজি সুলতান উদ্দিনের সমর্থিতরা ঝুটভর্তি ট্রাক নিয়ে যেতে নিষেধ করে। এক পর্যায়ে ট্রাকে ভাঙচুর চালায় তারা। এতে হাবিবুর রহমান সরকার লাবিবের সমর্থিতরা পালটা হামলা চালায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাবিবের সমর্থিত দুই জনসহ আট জন আহত হন। গুরুতর অবস্থায় এক জনকে ঘটনার রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, উভয় পক্ষ পালটা-পালটি লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

০