সূত্রাপুরের হেলে পড়া ছয়তলা ভবনটি ভাঙা হবে

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০০:৩৭

রাজধানীর সূত্রাপুরের কুলুটোলায় হেলে পড়া বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত ১৯ আগস্ট ঐ এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে ‘হাজীবাড়ি’ নামের ছয়তলা ভবনটি হেলে পড়ে। ঘটনার পরপরই ভবনটি সিলগালা করে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় আজ দুপুর থেকে এটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু করবে ডিএসসিসি। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। ১৯ আগস্টেই উদ্ধারকাজ শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টানায় ডিএসসিসি। এরপর রাজউকের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর জেলা প্রশাসন ভবনটি সিলগালা করে। আবু নাছের জানিয়েছেন, আজ শনিবার দুপুর থেকে শুরু হবে ভাঙার কাজ।