জার্মানির ব্রাইমেন বন্দরে কার্গো নিয়ে টাইম চার্টারিংয়ে অবস্থানকারী বাংলাদেশের সরকারি মালিকানাধীন সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমটি অগ্রদূতকে বিভিন্ন ত্রুটির কারণে জার্মানির ‘ব্রাইমেন’ বন্দরে আটক করা হয়। জার্মানির পোর্ট টেস্ট কন্ট্রোল (পিএসসি) নামের সংশ্লিষ্ট সংস্থা জাহাজের ২৭টি ত্রুটি শনাক্ত করে জাহাজটিকে গত ২৩ আগস্ট সেই বন্দরে আটক করে বলে একটি ইউরোপীয় এজেন্সি ওয়েবসাইট তথ্য প্রকাশ করে।
এদিকে গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ শিপিং করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও চার্টারিং) মুজিবুর রহমান ইত্তেফাককে বলেন, ব্রাইমেন বন্দরে জ্বালানি তেলবাহী বিএসসির জাহাজ ‘এমটি অগ্রদূত’-এর আটকাদেশ গতকাল শুক্রবারই জার্মানির পোর্ট টেস্ট কন্ট্রোল কর্তৃপক্ষ প্রত্যাহার করে নিয়েছে। তিনি বলেন, এটি একটি বিদেশি বন্দরের রুটিন কর্মপ্রক্রিয়া। বাংলাদেশের জাহাজে অবস্থানরত ক্যাপ্টেন ও কর্মকর্তারা ত্রুটিবিচ্যুতি কার্গো লোডিং-আনলোডিং প্রক্রিয়ার মধ্যেই সারিয়ে নিয়েছেন। ফলে গতকাল শুক্রবার জাহাজটি রিলিজ অর্ডার পায়।
বিএসসির অপর একটি সূত্র জানায়, জাহাজটি নতুন বিধায় জাহাজের কোনো সমস্যা ছিল না। মূলত কাগজপত্রের হালনাগাদ সমস্যাকেই পোর্ট টেস্ট কন্ট্রোল জাহাজটিকে আটকের কারণ হিসেবে দেখায়।
