ইত্তেফাক রিপোর্ট
শুধুই আইনি-প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মনে করছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তাদের অভিযোগ, খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় বেআইনিভাবে কারাগারে আটক রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ায় মুক্তি সম্ভব হলে বহু আগেই তিনি মুক্তি পেতেন। তাই খালেদা জিয়াকে মুক্ত করতে হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দিয়ে মাঠে নামতে হবে। আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর আন্দোলন গড়ে তোলার জন্য দলকে সুসংগঠিত করতে হবে।
গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার কারাবাসের একবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সভায় তারা এমন অভিমত জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি মিথ্যা মামলায় তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, একটি ভিত্তিহীন মামলায় অত্যন্ত কৌশলে খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেওয়া হলো। আইনি প্রক্রিয়ায় এই লঘু সাজার বিরুদ্ধে ফাইল করার সঙ্গে সঙ্গে খালেদা জিয়ার মুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন দেওয়ার পরেও বেআইনিভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালত জামিন আটকে দিয়েছে। ফলে খালেদা জিয়ার মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না। মওদুদ আহমদ বলেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেলে খালেদা জিয়া অনেক আগেই মুক্তি পেতেন। ফলে এই কথা এখন বলা যায়, আইনি প্রক্রিয়ার পরিবর্তে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি আদায় করতে হবে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. মঈন খান বলেন, রাজনৈতিক আক্রোশে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আইনি প্রক্রিয়ায় বেআইনি সরকারের কাছ থেকে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়।
ঐক্যফ্রন্টের নেতা ড.জাফরউল্লাহ চৌধুরী বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। এই আন্দোলনে আমিও শরিক হবো।
সভা পরিচালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এতে আরও বক্তব্য রাখেন দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেড জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান, আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।
