‘মডার্না ভ্যাকসিনের দূষণকারী পদার্থটি সম্ভবত ধাতব কণা’

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৫:৫৯

জাপানে সরবরাহ করা মডার্নার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার একটি ব্যাচে দূষণকারী পদার্থটি সম্ভবত ধাতব কণা। নিজেদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি সূত্রের বরাতে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এই খবর জানিয়েছে।

দূষণের কারণে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকা প্রয়োগ বৃহস্পতিবার বন্ধ করে দেয় জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৫ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কয়েকটি ডোজে অন্য উপকরণ (ফরেন ম্যাটেরিয়ালস) পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনএইচকের খবরে বলা হয়, কয়েকটি ভায়ালে পাওয়া ফরেন ম্যাটেরিয়ালসগুলো চুম্বকে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ফলে সেগুলো ধাতু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Contaminant in Moderna vaccines suspected to be metallic particles -NHK -  The Peninsula Qatar

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দূষণকারী পদার্থটি এখনো চূড়ান্তভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এমনিতেই তরুণদের টিকা নেওয়ার আগ্রহ তৈরিতে হিমশিম খাচ্ছে জাপান। এর মধ্যে টিকায় দূষণের খবর দেশটিকে নতুন আশঙ্কার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতা হিসেবে মডার্না টিকার ব্যাচটি ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই পদক্ষেপের জেরে বেশ কয়েকটি জাপানি কোম্পানি টিকাদান কার্যক্রমে কর্মী দেওয়া বন্ধ করে দিয়েছে। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোও নতুন করে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশগুলোতে মডার্নার ভ্যাকসিন বাজারজাত করার কাজে নিয়োজিত স্প্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি রোভি জানিয়েছে, দূষণের ঘটনাটি সম্ভবত উৎপাদনের সময় ঘটেছে। বিষয়টি তারা খতিয়ে দেখার কথা জানিয়েছে।

ইত্তেফাক/এএইচপি