রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু আবার সামান্য বেড়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদের ১ জন করোনা পজিটিভ, বাকি ৭ জনের করোনার উপসর্গ ছিল।
রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ২ জন, নওগাঁর ১ জন ও কুষ্টিয়ার ১ জন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ঊর্ধ্বে, ৪ জনের বয়স ৩১ বছরের ঊর্ধ্বে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। শনিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৭৭ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৭ জন।
তিনি আরও জানান, শনিবার সকালে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ১৭৭ রোগীর মধ্যে ৮৪ জনের করোনা পজিটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭ জন।
শামীম ইয়াজদানী জানান, শুক্রবার রাজশাহীর দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ দশমিক ৭ শতাংশ কমে সংক্রমণের হার হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। আগের দিন মঙ্গলবার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ১৯ দশমিক ০৩ শতাংশ।
ইত্তেফাক/এমআর
