পর্যটকদের জন্য ইন্দোনেশিয়ার বালি দ্বীপ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাস কয়েক আগে। কিন্তু দ্বীপটিতে হঠাৎ করেই করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে পর্যটকদের জন্য বালিতে প্রবেশ বন্ধ করা হল।
চারিদিকের সমুদ্রের মাঝে উঁচু উঁচু বেশ কিছু পাহাড়। সেই সব পাহাড় একদম সবুজ জঙ্গলে মোড়া। প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ অভিনবত্ব দেখতে পাওয়া যায় বালিতে। পর্যটন হল বালির আয়ের প্রাথমিক উৎস। তবে বর্তমান পরিস্থিতিতে এখানে আরও বেশি পরিমাণ মানুষকে আনা ঠিক নয় বলেই মনে করছে বালির প্রশাসন। এই সংক্রমণের বেশিরভাগই মূলত টিকা না নেওয়া স্থানীয়দের মধ্যে হতে দেখা যাচ্ছে।

বালির গভর্নর ওয়েয়ান কোস্টার একটি বিবৃতি জারি করে বলেছিলেন, বিদেশী পর্যটকদের জন্য বালি খুলে দেওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে তিনি জানান যে, ইন্দোনেশিয়ার বর্তমান পরিস্থিতি এখনও পর্যন্ত আন্তর্জাতিক পর্যটকদের বালি সহ দেশের অন্যান্য জায়গায় যাওয়ার অনুমতি দেয়নি। তিনি আরও বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে বিদেশী পর্যটন আবার কবে শুরু হতে পারে তার সিদ্ধান্ত দেশের এবং দেশের বাইরে অবস্থার মূল্যায়নের উপর নির্ভর করবে।
বালির গভর্নর ব্যাখ্যা করেছেন যে বালি কোন ভাবেই ভেঙে পড়বে না। কারণ, এই দ্বীপ বিশ্বের পর্যটন জায়গাগুলির মধ্যে অন্যতম এবং ইন্দোনেশিয়ার একটা অহঙ্কারও বটে। খুব তাড়াতাড়িই পর্যটন শিল্প পুনরুদ্ধার করার ব্যবস্থা করবে তারা।
ইত্তেফাক/এফএস
