ভারতে আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২০:১১

গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশ ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন; যা আগের দিন শুক্রবারের তুলনায় প্রায় ২ হাজার বেশি এবং গত ১ জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ আক্রান্ত। বর্তমানে ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭ জন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। —এনডিটিভি

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও ৫০০ ছাড়িয়েছে। এই সময়ে মারা গেছে ৫০৯ জন। দেশটিতে বর্তমানে করোনায় মৃত্যু বেড়ে ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে গত চারদিন ধরেই ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে প্রায় ১৪ হাজার ৮৭৬ জন। এতে করে দেশটিতে ফের সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের হিসেবে সবার শীর্ষে রয়েছে দক্ষিণের রাজ্য কেরালা। রাজ্যটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০১ জন।