‘শিল্পীর রাষ্ট্রের প্রতি দায়বোধ থাকা জরুরি’

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২০:১১

 বিনোদন রিপোর্ট

 

নতুন একটি চলচ্চিত্রে যুক্ত হলেন চিত্রনায়িকা মৌসুমী। ‘দেশান্তর’ শিরোনামের সরকারি অনুদানের এই ছবিটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন তিনি। তার বিপরীতে ছবিটিতে দেখা মিলবে অভিনেতা রুবেলের। এই ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধছেন তারা।

উল্লেখ্য, কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ উপন্যাস অবলম্বনে একই নামে ছবিটি নির্মাণ করছেন নির্মাতা আশুতোষ সুজন। ছবিটিতে অন্নপূর্ণা নামের একটি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘গল্পই হচ্ছে নতুন এই ছবিটির প্রাণ। আমি ছবিটিতে অন্নপূর্ণা চরিত্রটি রূপায়ন করব। অন্নপূর্ণা দুর্দান্ত একটি চরিত্র। এ ধরনের চরিত্রে কাজ করার মাঝে যেমন চ্যালেঞ্জ আছে তেমনি আনন্দও আছে। আশা করছি কাজটি শেষ করতে পারলে ভালো একটি ছবি দেখতে পাবেন দর্শকরা।’

অনুদানের ছবিতে এটাই প্রথম কাজ নয় মৌসুমীর। এর আগেও অনুদানের ছবিতে দেখা গেছে তাকে। পাশাপাশি আশুতোষের প্রথম ছবিতে কাজ করলেও তার নির্মাণে একাধিক নাটকে অভিনয় করেছেন মৌসুমী। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমি এর আগেও অনুদানের ছবিতে কাজ করেছি। এ ধরনের কাজ আমি আমার দায়বদ্ধতা থেকেই করার চেষ্টা করি। আমি মনে করি, শিল্পীর রাষ্ট্রের প্রতি দায়বোধ থাকা জরুরি। আর আশুতোষের প্রথম ছবির নায়িকা হতে পেরে বেশ ভালো লাগছে। এর আগে তার বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেই জায়গা থেকে কাজের বোঝাপড়া ভালোই হবে আশা করছি।’ ক্যারিয়ারের প্রথম ছবিতে মৌসুমীকে কাস্ট করা প্রসঙ্গে নির্মাতা আশুতোষ সুজন বলেন, ‘অন্নপূর্ণা চরিত্রটি পাঠকপ্রিয়। তাই একে পর্দায় ফুটিয়ে তোলা অনেক চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জটি নিতে গিয়ে বারবার মনে হয়েছে অভিনেত্রী মৌসুমীকেই প্রয়োজন। তিনি এ চরিত্রের জন্য পারফেক্ট। তাই তাকে চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে অক্টোবর মাসে ছবিটির শুটিং শুরু করবো।’

উল্লেখ্য, এর আগে ‘আমার বাবা’ নামের একটি ছবি নির্মাণের কথা ছিল আশুতোষ সুজনের। সেই ছবিতেও মৌসুমী চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু অর্থনৈতিক জটিলতায় ছবিটি আর আলোর মুখ দেখেনি।