বিনোদন রিপোর্ট
বেশ কিছুদিন হলো শুটিং থেকে দূরে রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। করোনার পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণে ক্যামেরার সামনে আসতে পারেননি তিনি। তবে এবার সেই অপেক্ষার পালা শেষ করে শুটিংয়ে ফিরছেন শুভ। জানা গেছে, নির্মাতা রায়হান রাফির ‘নূর’ ছবিটির মাধ্যমে শুটিং শুরু করবেন তিনি। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন। এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘ইচ্ছে ছিল অনেক আগেই শুটিংয়ে ফেরার। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে সেটা হয়ে ওঠেনি। অবশেষে পুরনো রূপে ফিরছি। আগামী ৫ সেপ্টেম্বর টিম নিয়ে শুটিংয়ে যাব। ৭ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করব। তবে কোথায় শুটিং করব সেটা এখনই বলতে চাচ্ছি না। কারণ ঢাকার বাইরে শুটিং করতে গেলে দর্শক উপস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে। তাই আগে থেকে বলে দিলে সেই চাপ আরো বেশি হবে।’
উল্লেখ্য, ‘নূর’ ছবিটি একটি প্রেমের গল্পে নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন শুভ। এদিকে শুভ কাজ করছেন বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় প্রযোজনায় তৈরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শুভ। ছবিটি পরিচালনা করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।
