সাঁকোটির নেই কোনো রেলিং। মরিচা ধরে স্টিলের পাটাতন উঠে যাওয়ায় বাঁশের জোড়াতালি দিয়েই দীর্ঘদিন ধরে চলছে মানুষের যাতায়াত। বলছি, শেরপুরের নকলা উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামে বলেশ্বর নদের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ সাঁকোর কথা। প্রায় দুই যুগ আগে নির্মিত সরু স্টিলের এই সাঁকোটির অধিকাংশ খুঁটিই নড়বড়ে। মরিচা ধরে উঠে গেছে সাঁকোর পাটাতন। শিশুদের জন্য যা মরণ ফাঁদে পরিণত হয়েছে। মরিচা পড়া ভাঙা স্টিল ও বাঁশের জোড়াতালি দেওয়া পাটাতনের ওপর দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় উত্পাদিত খাদ্যশস্যসহ বিভিন্ন কাঁচামাল বাজারজাতকরণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাঁকোটির পশ্চিম ও পূর্বে ২ নম্বর নকলা ইউনিয়ন ও ১ নম্বর গণপদ্দী ডিজিটাল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই জায়গায় সেতু নির্মাণের জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
মো. সুখন, নকলা, শেরপুর
