সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশে বজ্রপাত অনেক বেড়েছে। তাছাড়া বজ্রপাত এখন আর কোনো মৌসুম মানছে না। বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় বাংলাদেশে। সারা বিশ্বে বজ্রপাতে যত মানুষ মারা যায়, তার এক-চতুর্থাংশ মারা যায় আমাদের দেশে। ২০১৬ সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় তালগাছের রয়েছে বিশেষ ক্ষমতা। তালগাছের পাতা বাতাসের গতিবেগ কমিয়ে দেয়। এ গাছ খুব উঁচু হয় বলে বজ্রপাত নিরোধে বেশ সহায়ক। তালগাছের বাকলে কার্বনের স্তর বেশি থাকায় বজ্রপাত নিরোধে বেশ কার্যকর ভূমিকা পালন করে। তালগাছ কোনো রকম পরিচর্যা ছাড়াই আপন মহিমায় লম্বা হতে থাকে। তালগাছের ছায়া কম হওয়ায় গাছের তলায় অন্যান্য ফসলও আবাদ করা যায়। থাইল্যান্ডে তালগাছ লাগিয়ে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের দেশেও বসতবাড়ির আঙিনা, পুকুরপাড়ে, রাস্তার ধারে ও ফসলি জমির আইলে বেশি করে তালগাছ লাগানো যেতে পারে। বজ্রপাতে ক্ষয়ক্ষতি হ্রাসে তালগাছ রোপণ করা অত্যন্ত জরুরি।
মো. আশরাফুল ইসলাম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
